
অনলাইন ডেস্ক: রাজশাহী শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায় ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাশ করতে পারেনি। এসব বিদ্যালয় থেকে মোট ৪১ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও সবাই অকৃতকার্য হয়েছে।
সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফল অনুযায়ী শূন্য পাশের হারের বিদ্যালয়গুলোর মধ্যে রাজশাহী জেলার তিনটি এবং নওগাঁ ও জয়পুরহাট জেলার একটি করে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরীন এসব তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রের তথ্যানুযায়ী শূন্য পাশের হারের বিদ্যালয়গুলোর মধ্যে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৬ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি।
বাঘা উপজেলার বানিয়াপাড়া উচ্চ বিদ্যালয় থেকে ৬ পরীক্ষার্থী অংশ নিলেও কেউ পাশ করেনি। এছাড়া মোহনপুর উপজেলার আমরাইল উচ্চ বিদ্যালয় থেকে অংশ নেওয়া ১৩ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে।
অন্যদিকে, নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার পাইলানপুর উচ্চ বিদ্যালয় থেকে ৯ শিক্ষার্থী চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে তারাও অকৃতকার্য হয়েছে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিরট্টি ইউনাইটেড উচ্চ বিদ্যালয় থেকে ৪ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এই বিদ্যালয়ের পাশের হারও শূন্য।
বোর্ড সূত্রে জানা গেছে, রাজশাহী শিক্ষা বোর্ডের শুন্য পাশের প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিটি প্রতিষ্ঠানেই পর্যাপ্ত শিক্ষক কর্মচারী রয়েছে।
এমপিও স্থগিত করার সুপারিশ পাঠানো হবে কিনা-সেই সিদ্ধান্ত এখনই নেওয়া হয়নি জানিয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফরাত জেরীন আরও বলেন, এ মুহূর্তে তাদের কোনো নোটিশ দিচ্ছি না। তবে দুই একদিনের মধ্যে প্রতিষ্ঠান প্রধানকে একটা নোটিশ দেওয়া হবে।
মন্তব্য করুন