

অনলাইন ডেস্ক: বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে জারি করা ১৪৪ ধারা অবশেষে প্রত্যাহার করেছে হবিগঞ্জ জেলা প্রশাসন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।
জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সর্বশেষ প্রতিবেদনে হবিগঞ্জ পৌর এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক বলে উল্লেখ করা হয়েছে। জনশান্তি বা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা না থাকায় পূর্বে জারি করা ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার আদেশ প্রত্যাহার করা হয়েছে।
এর আগে মঙ্গলবারের সংঘর্ষ এবং বুধবার এনসিপি ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন ছাত্রদল ও যুবদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কায় জেলা প্রশাসন হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে। সকাল ১০টা থেকে কার্যকর হওয়া ওই আদেশে পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত, মিছিল, সমাবেশ ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। পাশাপাশি নিরাপত্তা জোরদারে দায়িত্ব পালন করে তিন প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
তবে নিষেধাজ্ঞা জারির মধ্যেই বুধবার বিকেলে হবিগঞ্জে প্রবেশের চেষ্টা করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। তাদের গাড়িবহরে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, সারওয়ার তুষার এবং জাতীয় নারী শক্তির সদস্যসচিব মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা ছিলেন।
প্রশাসনের দাবি, বর্তমানে জেলার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। তাই জনস্বার্থ বিবেচনায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।
সম্পাদক: মোঃ হাসান, ব্যবস্থাপনা সম্পাদক: ফারহান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129, 01902279843
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত