অনলাইন ডেস্ক: সরকার গঠনের পর গত পাঁচ মাসে দেশের সামগ্রিক পরিস্থিতিতে দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার ভাষায়, সমাজে এখনো ঘুষ-দুর্নীতি ও অনিয়ম আগের মতোই বিদ্যমান। পরিবর্তনের প্রতীক হিসেবে তিনি শুধু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম উল্লেখ করেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রাজধানীর তথ্য ভবনে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত একটি প্রকাশনার মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘সরকার গঠনের পাঁচ মাস পেরিয়ে গেলেও সমাজে কাঙ্ক্ষিত পরিবর্তন দেখা যায়নি। ঘুষ-দুর্নীতি আগের মতোই চলছে। পরিবর্তন বলতে যদি কিছু হয়ে থাকে, সেটি হলো তারেক রহমান। তিনি সমাজ বদলের চেষ্টা করছেন। সেই প্রচেষ্টাকে সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।’
তিনি অভিযোগ করে বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর অনেকেই নিজেদের অবস্থান বদলে এখন ‘জুলাইযোদ্ধা’ হিসেবে পরিচয় দিচ্ছেন। কিন্তু তাদের একটি অংশই নানা ধরনের অনিয়ম ও অপকর্মে জড়িয়ে পড়েছে বলে দাবি করেন বিএনপির মহাসচিব।
দেশের স্বাধীনতার ৫৫ বছর পরও সাধারণ মানুষের জীবনমান প্রত্যাশিতভাবে উন্নত হয়নি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় গেলে শাসকগোষ্ঠীর মধ্যে ক্ষমতা ধরে রাখার প্রবণতা তৈরি হয়। সেই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের লক্ষ্যেই তরুণরা জুলাই আন্দোলনে আত্মত্যাগ করেছেন।
তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন করতে হলে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে। অন্যথায় সেই ত্যাগের মূল্য হারিয়ে যাবে। বিএনপি একটি বৈষম্যহীন ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠা করতে চায়।’
একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, জুলাই আন্দোলনের চেতনাকে ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার সুযোগ যেন কেউ না পায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
সূত্র: কালের কন্ঠ
মন্তব্য করুন