
অনলাইন ডেস্ক: রাজধানীর শিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালে চুরির চেষ্টা করে পালানোর সময় দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ চোরচক্রের তিন সদস্যকে আটক করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং পরে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) দক্ষিণ জোনের আওতাধীন শিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।
আনসার সূত্র জানায়, ৫ থেকে ৬ সদস্যের একটি সংঘবদ্ধ চোরচক্র হাসপাতালের মালামাল চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে দায়িত্বে থাকা আনসার সদস্য শ্রী সজীব রায়, জুয়েল রানা ও জয় শীল তাদের ধাওয়া করেন। এ সময় চোরচক্রের সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
কিছুক্ষণ পর একই চক্রের সদস্যরা আবার হাসপাতাল এলাকায় ফিরে এসে আনসার সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে। তবে আনসার সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ক্যাম্পে থাকা অন্যান্য সদস্যদের সহায়তায় সমন্বিত অভিযান পরিচালনা করেন।
অভিযানের একপর্যায়ে ধাওয়া করে দেশীয় অস্ত্র (চাপাতি)সহ চোরচক্রের তিন সদস্য—মো. রনি (২২), সাব্বির (২২) ও সালাম (২১)-কে হাতেনাতে আটক করা হয়। তবে তাদের সহযোগী কয়েকজন অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
আটকদের কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করে জব্দ করা হয়েছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সরকারি ও বেসরকারি হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। চুরি, ছিনতাই, দালালচক্র ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বাহিনীর সদস্যরা পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
মন্তব্য করুন