

পঞ্চগড় প্রতিনিধি: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে পানি ও সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদের নামে ভুয়া ভিডিও ও ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন করেছে জেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতারা।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে পঞ্চগড় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে এআই প্রযুক্তির মাধ্যমে ভুয়া ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং রাজনৈতিকভাবে ফরহাদ হোসেন আজাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।
তারা বলেন, আধুনিক প্রযুক্তির অপব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার গণমাধ্যম ও সমাজের জন্য উদ্বেগজনক। কোনো ব্যক্তি বা রাজনৈতিক নেতার বিরুদ্ধে ভিত্তিহীন প্রচারণা চালিয়ে জনমত প্রভাবিত করার চেষ্টা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।
সংবাদ সম্মেলনে এ ধরনের অপপ্রচারের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি যাচাই-বাছাই ছাড়া কোনো ছবি, ভিডিও বা তথ্য শেয়ার না করার আহ্বান জানান বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জাসাস নেতা ইউনুস শেখ, পঞ্চগড় পৌর বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন রনিক, অ্যাডভোকেট আব্দুল বারি, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রকনুজ্জামান জাপান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন তাপস, কৃষক দলের সভাপতি আব্দুর রাজ্জাকসহ জেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া কনটেন্ট ছড়িয়ে বিভ্রান্তি তৈরির প্রবণতা দিন দিন বাড়ছে। তাই এ ধরনের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তারা।
সম্পাদক: মোঃ হাসান, ব্যবস্থাপনা সম্পাদক: ফারহান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129, 01902279843
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত