
অনলাইন ডেস্ক: নিজেকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পরিচয় দিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন করে মামলার আসামি গ্রেপ্তার না হওয়ার বিষয়ে চাপ সৃষ্টি এবং অসৌজন্যমূলক আচরণের অভিযোগে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৭ জুলাই) ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এ দণ্ড কার্যকর করা হয়। একই সঙ্গে তাকে এক হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত জহিরুল ইসলাম (৩২) উপজেলার বাঘবের ইউনিয়নের পূর্ব বহুলী গ্রামের বাসিন্দা। তিনি আগে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করলেও বর্তমানে কর্মহীন বলে জানিয়েছে পুলিশ।
ধোবাউড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, সম্প্রতি এক ব্যক্তি নিজেকে আইজিপি পরিচয় দিয়ে থানায় ফোন করেন। ফোনে তিনি একটি মামলার আসামি কেন গ্রেপ্তার করা হয়নি—এ নিয়ে প্রশ্ন তোলেন এবং ওসির সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।
ওসির সন্দেহ হলে তাৎক্ষণিক প্রযুক্তির সহায়তায় কলারের পরিচয় ও অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে জহিরুল ইসলামকে আটক করা হয়।
ঘটনার পর ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসে। আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় জহিরুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন বলেন, আইজিপি পরিচয় দিয়ে সরকারি কর্মকর্তাকে ভয়ভীতি প্রদর্শন ও বিভ্রান্ত করার চেষ্টা আইনত দণ্ডনীয় অপরাধ। অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করায় প্রচলিত আইনে শাস্তি দেওয়া হয়েছে।
এদিকে ওসি শফিকুল ইসলাম জানান, অভিযুক্তের পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, জহিরুল ইসলাম প্রায় দুই বছর আগে একটি ছুরিকাঘাতের ঘটনায় গণপিটুনির শিকার হন। এরপর থেকে তিনি কখনও স্বাভাবিক, আবার কখনও অস্বাভাবিক আচরণ করেন বলে পরিবার জানিয়েছে।
পুলিশ বলছে, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় ব্যবহার করে প্রতারণা বা ভয়ভীতি প্রদর্শনের মতো ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রযুক্তিনির্ভর নজরদারিও জোরদার করা হয়েছে।
মন্তব্য করুন