

সঞ্জু বনিক সৌরভ, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ অর্থনৈতিক অঞ্চলকে ঘিরে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা আরও জোরালো হচ্ছে। মালয়েশিয়ার একটি বিনিয়োগকারী প্রতিনিধি দল অঞ্চলটি পরিদর্শন করে ১০০ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের সম্ভাব্যতা যাচাই করেছে। একই সঙ্গে কৃষিভিত্তিক শিল্প স্থাপনের ক্ষেত্রেও আগ্রহ প্রকাশ করেছে প্রতিনিধিদল।
শুক্রবার বিকেলে প্রতিনিধি দলটি পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে দেবীগঞ্জ অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখেন। পরিদর্শনের সময় তারা শিল্পায়নের সুযোগ, অবকাঠামোগত সুবিধা, যোগাযোগ ব্যবস্থা এবং সম্ভাব্য কর্মসংস্থানের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী বলেন, দেশের উত্তরাঞ্চলে শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ লক্ষ্যেই সম্ভাবনাময় অর্থনৈতিক অঞ্চলগুলো দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা হচ্ছে। তিনি জানান, মালয়েশিয়ার প্রতিনিধি দল সৌরবিদ্যুৎ প্রকল্পের পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প স্থাপনের বিষয়েও ইতিবাচক আগ্রহ দেখিয়েছে।
মালয়েশিয়ান প্রতিনিধি দলের প্রধান মি. সিম বলেন, দেবীগঞ্জ অর্থনৈতিক অঞ্চল শিল্প বিনিয়োগের জন্য অত্যন্ত সম্ভাবনাময় একটি স্থান। প্রাথমিকভাবে এখানে ১০০ মেগাওয়াটের একটি সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে জাতীয় গ্রিডে নবায়নযোগ্য জ্বালানির বড় ধরনের সংযোজন হবে। পাশাপাশি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণসহ কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলারও যথেষ্ট সুযোগ রয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৪ আগস্ট জেলা প্রশাসন ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর মধ্যে দেবীগঞ্জ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। সংশোধিত পরিকল্পনা অনুযায়ী ২৫০ দশমিক ৮৫ একর জমিতে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ১৮৫ দশমিক ৮৬ একর জমি ইতোমধ্যে বেজার অনুকূলে হস্তান্তর করা হয়েছে। অবশিষ্ট জমি অধিগ্রহণের কাজও চলমান রয়েছে।
স্থানীয়দের আশা, মালয়েশিয়ান বিনিয়োগ বাস্তবায়িত হলে দেবীগঞ্জসহ পুরো পঞ্চগড় জেলায় নতুন শিল্পকারখানা গড়ে উঠবে এবং হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগ সম্প্রসারণ এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
সম্পাদক: মোঃ হাসান, ব্যবস্থাপনা সম্পাদক: ফারহান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129, 01902279843
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত