
অনলাইন ডেস্ক: অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত চলাকালেই চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দুই প্রকৌশলীকে পৃথক দুই সিটি করপোরেশনে বদলি করেছে সরকার। তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শাহীন-উল ইসলাম চৌধুরী ও তার স্ত্রী, নির্বাহী প্রকৌশলী ফারজানা মুক্তাকে জনস্বার্থে নতুন কর্মস্থলে পদায়নের প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) স্থানীয় সরকার বিভাগের পৃথক প্রজ্ঞাপনে শাহীন-উল ইসলাম চৌধুরীকে ময়মনসিংহ সিটি করপোরেশন এবং ফারজানা মুক্তাকে রংপুর সিটি করপোরেশনে সমপদে বা শূন্যপদে পদায়ন করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৬ জুলাই (রোববার)-এর মধ্যে তাদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ২৭ জুলাই (সোমবার) থেকে তাদের 'স্ট্যান্ড রিলিজ' হিসেবে গণ্য করা হবে।
স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। নতুন কর্মস্থল থেকেই তারা বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা গ্রহণ করবেন। পাশাপাশি জ্যেষ্ঠতা, পদোন্নতি, অবসরসহ অন্যান্য প্রশাসনিক কার্যক্রমও নতুন কর্মস্থলের অধীনেই সম্পন্ন হবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন বিভাগের যুগ্ম সচিব মো. রবিউল ইসলাম।
এর আগে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে এই প্রকৌশলী দম্পতির বিরুদ্ধে সরকারি উন্নয়ন প্রকল্পে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, প্রশাসনিক প্রভাব বিস্তার, অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থপাচারের অভিযোগ উঠে আসে। এসব অভিযোগ প্রকাশ্যে আসার পর গত ৯ জুলাই স্থানীয় সরকার বিভাগ বিষয়টি তদন্তের নির্দেশ দেয়।
বিভাগীয় সূত্র জানায়, অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সরেজমিন তদন্ত শেষে ১৫ কার্যদিবসের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রকৌশলী দম্পতির বদলির ঘটনায় প্রশাসনিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে পরবর্তী সময়ে প্রয়োজনীয় বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্পাদক: মোঃ হাসান, ব্যবস্থাপনা সম্পাদক: ফারহান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129, 01902279843
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত