
বিশেষ প্রতিনিধি: তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি কর্তৃক জারি করা সরকারি নির্দেশনা উপেক্ষা করে ঢাকা দক্ষিণ ও নারায়ণগঞ্জের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশন থেকে এখনো অবৈধভাবে খোলা সিলিন্ডার ও ক্যাসকেড/কন্টেইনারে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তিতাস গ্যাসের ব্যবস্থাপক প্রকৌশলী মো. মাহফুজুল হক স্বাক্ষরিত এক নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়, যানবাহন ব্যতীত খোলা সিলিন্ডার বা ক্যাসকেড সিলিন্ডার সম্বলিত কাভার্ড ভ্যান বা লরিতে সিএনজি স্টেশন থেকে গ্যাস বিক্রি বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ এবং গ্যাস বিপণন বিধিমালা, ২০১৪-এর পরিপন্থী। নির্দেশনা অমান্য করলে গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ারও সতর্কতা দেওয়া হয়।
তবে অভিযোগ রয়েছে, সেই নির্দেশনার পরও ঢাকা দক্ষিণের মাতুয়াইল, ডেমরা, রায়েরবাগ, শ্যামপুর এবং নারায়ণগঞ্জের সাইনবোর্ড, সানারপাড়, সিদ্ধিরগঞ্জ হয়ে মেঘনা পর্যন্ত বিভিন্ন সিএনজি স্টেশন থেকে দিন-রাত অবৈধভাবে কন্টেইনারে গ্যাস সরবরাহ করা হচ্ছে।
স্থানীয় কয়েকজনের দাবি, বিষয়টি নিয়ে একাধিকবার সংবাদ প্রকাশ ও অভিযোগ করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের অভিযোগ, সংশ্লিষ্ট কিছু অসাধু কর্মকর্তা ও প্রভাবশালী ব্যক্তিদের যোগসাজশের কারণেই এই অবৈধ কার্যক্রম বন্ধ হচ্ছে না। তবে এই অভিযোগের স্বাধীন যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে জ্বালানি খাত সংশ্লিষ্টদের মতে, অননুমোদিতভাবে কন্টেইনারে গ্যাস সরবরাহ জননিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। তাই সংশ্লিষ্ট সব সিএনজি স্টেশনের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত, প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।
সম্পাদক: মোঃ হাসান, ব্যবস্থাপনা সম্পাদক: ফারহান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129, 01902279843
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত