
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ভূমিদস্যু ও অসাধু সিন্ডিকেটের সঙ্গে কোনো ধরনের আপস করবেন না বলে দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন আমিন বাজার ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। একই সঙ্গে তার বিরুদ্ধে পরিচালিত অপপ্রচারকে উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে প্রশাসন, গণমাধ্যম ও সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবস্থান ব্যাখ্যা করে মনিরুজ্জামান বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি সরকারি নীতিমালা অনুযায়ী ভূমি-সংক্রান্ত সেবা নিশ্চিত করার চেষ্টা করছেন। এ কারণে স্থানীয় কিছু ভূমিদস্যু ও স্বার্থান্বেষী চক্রের অনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতা করতে অস্বীকৃতি জানালে একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার শুরু করে।
তার দাবি, সামাজিক যোগাযোগমাধ্যম এবং কিছু নিবন্ধনবিহীন অনলাইন প্ল্যাটফর্মে তাকে রাজনৈতিকভাবে বিতর্কিত করার অপচেষ্টা চলছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
মনিরুজ্জামান বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে তিনি প্রজাতন্ত্রের কর্মচারী। সংবিধান ও সরকারি বিধি-বিধান অনুযায়ী দায়িত্ব পালন করাই তার একমাত্র কর্তব্য। কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার সম্পৃক্ততা নেই এবং দাপ্তরিক দায়িত্ব পালনের সময় বিভিন্ন ব্যক্তি বা অনুষ্ঠানে উপস্থিতির ছবি ব্যবহার করে রাজনৈতিক পরিচয় আরোপের চেষ্টা বিভ্রান্তিকর।
তিনি আরও বলেন, একজন সরকারি কর্মকর্তাকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত কাজ করতে হয়। সেই সময় তোলা ছবি বা ভিডিওকে বিকৃতভাবে উপস্থাপন করে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ তোলা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
ভূমি কর্মকর্তা দাবি করেন, তার সততা ও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই পুরোনো কিংবা সম্পাদিত (এডিটেড) ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
সাক্ষাৎকারের শেষাংশে মনিরুজ্জামান বলেন, “মিথ্যা অপপ্রচার বা কুৎসা রটিয়ে আমাকে দায়িত্ব পালনের পথ থেকে সরানো যাবে না। জনগণের স্বার্থ রক্ষায় আইন ও বিধি অনুযায়ী আমার দায়িত্ব পালন অব্যাহত থাকবে।”
তিনি প্রশাসন, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচারে বিশ্বাস না করে সত্য তথ্য তুলে ধরতে সবাইকে সচেতন ভূমিকা রাখতে হবে।
মন্তব্য করুন