
অনলাইন ডেস্ক: সরকার ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও দায়িত্ব পালনের জন্য কাজ করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে মানুষের সুখ-দুঃখে পাশে থাকাই সরকারের প্রধান দায়িত্ব। বিএনপির রাজনীতির মূল লক্ষ্যও দেশের মানুষ ও তাদের কল্যাণ নিশ্চিত করা।
শনিবার (১৮ জুলাই) কক্সবাজারের পেকুয়া উপজেলা চত্বরে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত গৃহহারা পরিবারের মধ্যে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান ‘সবার আগে বাংলাদেশ, ক্ষমতার আগে জনতা’—এই নীতিকে সামনে রেখে সরকার পরিচালনা করছেন। আমরা ক্ষমতাবান নই, আমরা জনগণের দায়িত্বপ্রাপ্ত। তাই যেকোনো দুর্যোগে সরকার জনগণের পাশে থাকবে।”
তিনি বলেন, শুধু গৃহহারা পরিবার নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষি ও গবাদিপশু খামারিদের পুনর্বাসনেও সরকার সমন্বিত পরিকল্পনা হাতে নিয়েছে। খুব শিগগিরই ক্ষতিগ্রস্তরা সেই উদ্যোগের সুফল পাবেন।
সালাহউদ্দিন আহমদ জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, সড়কসহ বিভিন্ন অবকাঠামো দ্রুত সংস্কারের কাজ চলছে। পাশাপাশি ভবিষ্যতে উপকূলীয় এলাকার মানুষকে বন্যা ও জলোচ্ছ্বাস থেকে সুরক্ষা দিতে শক্তিশালী স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, অভ্যন্তরীণ পানি নিষ্কাশনের জন্য দীর্ঘদিন বন্ধ থাকা স্লুইসগেটগুলো খুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে স্লুইসগেট ব্যবস্থাপনার দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের পরিবর্তে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রাথমিকভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের হাতে টিন, খাট, লেপ-তোশকসহ বিভিন্ন গৃহস্থালি সামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, পর্যায়ক্রমে আরও ৮০টি পরিবারকে একই ধরনের সহায়তা দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এবং আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিনসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা।
স্বরাষ্ট্রমন্ত্রী দিনব্যাপী পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন। তিনি পেকুয়ার মেহেরনামা, শিলখালী, বারবাকিয়া বাজার, টইটং, রাজাখালী সবুজ বাজারসহ বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। পরে উজানটিয়া সোনালী বাজার এলাকার স্লুইসগেট পরিদর্শন করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সম্পাদক: মোঃ হাসান, ব্যবস্থাপনা সম্পাদক: ফারহান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129, 01902279843
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত