
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক রাতে শেয়ালের আক্রমণে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১১ জুলাই) রাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পটকা এবং শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকায় এ ঘটনা ঘটে। হঠাৎ লোকালয়ে ঢুকে শেয়ালের হামলায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে পরিচয় পাওয়া গেছে— মো. আকাশ (১৩), নাঈম (১১), মাজেদা (৪৫), রোজিনা (৩৬), হেলেনা আক্তার (৪০), আশরাফুল ইসলাম (২৬), শেফালী (৩৪), সাইফুন্নাহার (২৩) ও আরাফ (১৪)। অন্য আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা উজ্জ্বল মিয়া জানান, শ্রীপুরের আশপাশের শাল-গজারি বনাঞ্চলে বন্য প্রাণীর স্বাভাবিক আবাসস্থল দিন দিন সংকুচিত হচ্ছে। ফলে প্রায়ই শেয়াল লোকালয়ে চলে আসে। শনিবার রাতে ভাংনাহাটি কামিল মাদ্রাসা সংলগ্ন একটি বাড়িতে ঢুকে শেয়াল দুই নারীকে কামড়ে আহত করে। পরে আশপাশের আরও কয়েকজনও শেয়ালের আক্রমণের শিকার হন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম জানান, শেয়ালের কামড়ে আহত ১৪ জন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে ১৩ জনকে ক্ষত পরিষ্কার করে প্রাথমিক চিকিৎসা এবং জলাতঙ্ক প্রতিরোধী (রেবিস) টিকা দেওয়া হয়েছে। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশরাফ হোসেন বলেন, কয়েক দিনের টানা বৃষ্টিতে বনের গর্তে পানি ঢুকে পড়ায় শেয়ালগুলোর স্বাভাবিক আবাসস্থল ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি খাদ্যের সংকট দেখা দেওয়ায় তারা লোকালয়ে চলে আসছে।
তিনি আরও বলেন, কোনো বন্য প্রাণীর আচরণ অস্বাভাবিক মনে হলে তাকে উত্ত্যক্ত না করে নিরাপদ দূরত্ব বজায় রাখা উচিত। শেয়াল বা অন্য কোনো বন্য প্রাণীর কামড় কিংবা আঁচড় লাগলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে জলাতঙ্ক প্রতিরোধী টিকা গ্রহণ করা জরুরি।
স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগ পরিস্থিতির ওপর নজরদারি বাড়িয়েছে। একই সঙ্গে বনসংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক: মোঃ হাসান, ব্যবস্থাপনা সম্পাদক: ফারহান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129, 01902279843
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত