নিজস্ব প্রতিবেদক:
কর্তৃপক্ষের অনুমোদনের আগেই প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করার অভিযোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েস-কে সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।শুক্রবার জারি করা এক প্রজ্ঞাপনে মন্ত্রণালয় জানায়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ৯ জুলাই থেকে তার সাময়িক বরখাস্ত কার্যকর হয়েছে।মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত ৮ জুলাই প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফল চূড়ান্ত করা হয়। ফলাফল নির্ধারিত সময়ে ওয়েবসাইটে আপলোডের দায়িত্বে ছিলেন মো. মেহতাব কায়েস। তবে তাকে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছিল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অনুমোদনের আগে কোনো অবস্থাতেই ফলাফল প্রকাশ করা যাবে না।অভিযোগ অনুযায়ী, নির্দেশনা উপেক্ষা করে ৯ জুলাই সকাল ১০টার দিকে ঢাকা বিভাগের ৯টি জেলার ফলাফল ওয়েবসাইটে আপলোড করা হয়। অল্প সময়ের জন্য ওয়েবসাইটটি সচল থাকায় অনেক শিক্ষার্থী ও অভিভাবক ফলাফল দেখতে সক্ষম হন। পরে বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।মন্ত্রণালয় বলছে, নিরাপত্তা প্রটোকল লঙ্ঘন, দায়িত্ব পালনে চরম গাফিলতি এবং অসদাচরণের অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার ১২(১) অনুচ্ছেদ অনুযায়ী তার বিরুদ্ধে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ইতোমধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক মো. মিরাজুল ইসলাম উকিলকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মোছাম্মদ রোখসানা হায়দার এবং সদস্য হিসেবে রয়েছেন মো. জিয়াউল কবির সুমন।তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ
মন্তব্য করুন