কুমিল্লা প্রতিনিধি
বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হাফিজুর রহমানকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।শনিবার দুপুরে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল্লাহ আমান এ আদেশ দেন। রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।তদন্ত সংস্থা পিবিআই সূত্রে জানা গেছে, তিন দিনের রিমান্ডে হাফিজুর রহমানকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।মামলার তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের সময় কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা এখন যাচাই করা হচ্ছে। পাশাপাশি হাফিজুর রহমানের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ডিএনএ রিপোর্ট পাওয়ার পর তদন্তের পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।এর আগে গত বুধবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হকের আদালত হাফিজুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে পিবিআইয়ের একটি বিশেষ দল অভিযান চালিয়ে অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে। দীর্ঘ প্রায় এক দশক পর এই মামলায় এটিই প্রথম গ্রেপ্তার, যা নতুন করে আলোচনায় এনেছে তনু হত্যাকাণ্ডকে।তদন্ত সূত্রে আরও জানা গেছে, গত ৬ এপ্রিল মামলার সপ্তম তদন্ত কর্মকর্তা তিন সন্দেহভাজন—অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচ করার জন্য আদালতের অনুমতি চান। আদালতের নির্দেশনার পর তদন্তে নতুন গতি আসে এবং পরবর্তীতে গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয়।উল্লেখ্য, ২০১৬ সালে সংঘটিত এই হত্যাকাণ্ডের পর থেকে মামলাটি দীর্ঘদিন ধরে তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় রয়েছে। এ পর্যন্ত চারটি সংস্থার সাতজন তদন্ত কর্মকর্তা মামলাটি পরিচালনা করেছেন। ইতোমধ্যে অন্তত ৮০টিরও বেশি ধার্য তারিখ পার হলেও হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনে দীর্ঘদিন তেমন অগ্রগতি হয়নি।
মন্তব্য করুন