চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকার আইরিশ হোটেলের পাশের ফুটপাত থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ।নিহত বুলেট বৈরাগীর বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। তিনি কুমিল্লা কাস্টমসের বিবির বাজার স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে নগরীর রাজাগঞ্জ পানপট্টি এলাকার ‘ভুইয়া হেরিটেজ’ নামের একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি। তার সংসারে স্ত্রী ও মাত্র ৯ মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।পরিবারের সদস্যরা জানান, বুলেট বৈরাগী ৪১তম বিসিএস নন-ক্যাডার পদে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ১১ এপ্রিল বিভাগীয় সরকারি প্রশিক্ষণে অংশ নিতে তিনি চট্টগ্রামে যান। শুক্রবার রাত ১১টার দিকে প্রশিক্ষণ শেষে চট্টগ্রামের অলঙ্কার মোড় থেকে বাসে করে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেন।যাত্রাপথে পরিবারের সদস্যদের সঙ্গে তার একাধিকবার মোবাইল ফোনে কথা হয়। নিহতের মা নীলিমা বৈরাগী জানান, রাত ২টা ২৫ মিনিটের দিকে শেষবারের মতো ছেলে ফোন করে জানায়, তিনি কুমিল্লা নগরীর টমছমব্রিজ চৌরাস্তার মোড়ে পৌঁছেছেন। এরপর রাত আড়াইটার পর তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি কথা বলেন। পরে ফোনটি বন্ধ পাওয়া যায়।রাতভর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে শনিবার সকালে বুলেট বৈরাগীর বাবা সুশীল বৈরাগী কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে সকালেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে তার মরদেহ উদ্ধার করা হয়।পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
মন্তব্য করুন