স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অবৈধভাবে মাটি কাটার দায়ে এইচবিএম ইটভাটাকে ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।গত ১৩ এপ্রিল সকালে উপজেলার ঢেমশা ইউনিয়নের কলেজ রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।উপজেলা প্রশাসন জানায়, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সড়কের পাশ থেকে মাটি কেটে গর্ত তৈরি করে সড়ককে ঝুঁকিপূর্ণ করে তোলার অভিযোগে সাতকানিয়া কলেজ রোড এলাকায় অবস্থিত এইচবিএম ইটভাটায় অভিযান চালানো হয়। অভিযানকালে অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত ইটভাটাটিকে ২ লাখ টাকা জরিমানা করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষিজমি সংরক্ষণের স্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। উপজেলা প্রশাসন এ পর্যন্ত মাটি সংক্রান্ত বিভিন্ন অপরাধে ৫০ লাখ টাকার বেশি জরিমানা আদায় এবং বেশ কয়েকজন অপরাধীকে কারাদণ্ড প্রদান করেছে।এদিকে চট্টগ্রামের পরিবেশ, জলবায়ু ও কৃষি বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন চট্টগ্রাম অ্যালায়েন্স অবৈধভাবে মাটি কাটার দায়ে সাতকানিয়ার এইচবিএম ইটভাটাকে জরিমানা করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে। তবে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই ইটভাটাটি পরিচালিত হলেও এখনো পর্যন্ত এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা হতাশা প্রকাশ করেছেন।
মন্তব্য করুন