কুমিল্লা প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় চালবোঝাই একটি ট্রাক খাদে উল্টে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত এবং অন্তত ৬ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় নিহতদের মরদেহ নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা।মঙ্গলবার দুপুর ১২টার দিকে কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্ঘটনায় শোকাহত পরিবারগুলোর পাশে দাঁড়াতে এবং নিহতদের মরদেহ যথাযথভাবে নিজ নিজ বাড়িতে পৌঁছে দিতে সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।তিনি আরও জানান, আহতদের চিকিৎসা সহায়তার বিষয়েও স্থানীয়ভাবে সমন্বয় করা হচ্ছে এবং এ ব্যাপারে প্রশাসনের সঙ্গেও যোগাযোগ রাখা হয়েছে।কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির আব্দুল মতিন বলেন, “নিহত ৭ জনের মরদেহ অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। জীবিকার তাগিদে দেশের উত্তরাঞ্চল থেকে কুমিল্লায় যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।”জানা গেছে, সোমবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির হাসানপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন।আহতদের অভিযোগ, মেঘনা সেতু পার হওয়ার পর ট্রাকের চালক হেলপারকে দিয়ে গাড়ি চালাচ্ছিলেন। অনভিজ্ঞতার কারণেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয় বলে তারা দাবি করেন।এদিকে কুমিল্লা জেলা প্রশাসন নিহতদের প্রত্যেক পরিবারের জন্য ২৫ হাজার টাকা এবং আহতদের চিকিৎসা সহায়তায় ১৫ হাজার টাকা করে অনুদান প্রদান করেছে।
মন্তব্য করুন