বগুড়ার গাবতলী উপজেলায় মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে এক বাবা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা উত্তরপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।নিহত ব্যক্তি কলাকোপা গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম নজু (৪৫), তিনি মোজাহার আলীর ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার রাতে খাওয়া-দাওয়া শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন নজরুল ইসলাম। রাত প্রায় ২টার দিকে তার ছেলে মো. শিপন মিয়া (২০) বাড়িতে এসে দরজা খোলার জন্য ডাকাডাকি শুরু করেন। দরজা খুলতে দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করেন শিপন।আঘাতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা নজরুল ইসলামকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।স্থানীয়দের ভাষ্য, শিপন মিয়া পেশায় একজন রাজমিস্ত্রি এবং তিনি বিবাহিত। তার সংসারে একটি সন্তানও রয়েছে। বিয়ের আগ থেকেই তিনি মাদকাসক্ত ছিলেন। পরিবারের সদস্যরা ধারণা করেছিলেন, বিয়ের পর হয়তো তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।ঘটনার খবর পেয়ে গাবতলী মডেল থানার ওসি (তদন্ত) আবু মুসার নেতৃত্বে এসআই শাহাদত ও এসআই জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। পরে বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ২টার দিকে বালিয়াদিঘী ইউনিয়নের মালিয়ানডাঙ্গা গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে অভিযুক্ত শিপনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান জানান, ছেলের লাঠির আঘাতে বাবা মারা গেছেন। অভিযুক্ত শিপনকে আটক করা হয়েছে। নিহতের বড় ভাই মামলার প্রস্তুতি নিচ্ছেন।
মন্তব্য করুন