আন্তর্জাতিক ডেস্ক
ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে গিয়ে একটি মার্কিন উদ্ধারকারী হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় ও আধা-সরকারি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়।ইরানের বার্তাসংস্থা মেহর নিউজ জানায়, ইরানের আকাশসীমায় অভিযান চালানোর সময় মার্কিন বাহিনীর ওই উদ্ধারকারী হেলিকপ্টারটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে সেটি ধ্বংস হয়ে যায় এবং হেলিকপ্টারটির ক্রু সদস্যদের অবস্থান এখনও নিশ্চিত হওয়া যায়নি।এর আগে ইরান দাবি করে, পৃথক অভিযানে তারা যুক্তরাষ্ট্রের অন্তত দুটি অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এসব যুদ্ধবিমানের মধ্যে একটি এফ-৩৫ স্টেলথ ফাইটার জেটও রয়েছে বলে জানানো হয়। তবে এসব বিমানের পাইলটদের অবস্থান এখনো স্পষ্ট নয়। ইরানি বাহিনী তাদের খুঁজে বের করে আটক করার চেষ্টা চালাচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।বিশ্লেষকদের মতে, যদি ওই পাইলটদের আটক করা সম্ভব হয়, তবে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে তা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।এদিকে ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ একটি ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংস হওয়া বিমানটির গায়ে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ডের চিহ্ন দেখা গেছে।তাসনিমের দাবি অনুযায়ী, বিমানটি যুক্তরাজ্যের লেকেনহিথ বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর ৪৮তম ফাইটার উইং/স্কোয়াড্রনের সঙ্গে সংশ্লিষ্ট। এই ইউনিট সাধারণত এফ-৩৫, এফ-১৫, এফ-২২ ও এফ-১৬ যুদ্ধবিমান পরিচালনা করে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে অংশ নিতে ইউনিটটির একটি অংশ সেন্ট্রাল কমান্ডের অধীনে মোতায়েন ছিল।অন্যদিকে আন্তর্জাতিক কয়েকটি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ইরানে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা স্বীকার করেছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।ইরানের দাবি অনুযায়ী, ভূপাতিত যুদ্ধবিমান ও উদ্ধারকারী হেলিকপ্টার–সংক্রান্ত ঘটনাগুলোর তদন্ত ও অনুসন্ধান অব্যাহত রয়েছে। তবে আন্তর্জাতিকভাবে এসব দাবির সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
মন্তব্য করুন