
আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র, আত্মঘাতী ড্রোন এবং প্রায় ২০০টি রকেট নিক্ষেপ করে বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে ইরান। বুধবার (১ এপ্রিল) সর্বশেষ দফায় চালানো এই হামলায় ইরান এবং তাদের মিত্র প্রতিরোধ গোষ্ঠীগুলো অংশ নিয়েছে বলে জানিয়েছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
আইআরজিসির দাবি, হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের বিভিন্ন এলাকা এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক অবস্থান। এর মধ্যে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি এবং কুয়েতের আল-আদিরি ঘাঁটিতে থাকা একটি মার্কিন হেলিকপ্টার ইউনিটও অন্তর্ভুক্ত ছিল।
সংস্থাটি আরও দাবি করেছে, কুয়েতের ওই ঘাঁটিতে হামলার ফলে একটি মার্কিন হেলিকপ্টার ধ্বংস হয়েছে। আইআরজিসি এক বিবৃতিতে জানায়, ইরানের শত্রুদের বিরুদ্ধে সর্বাত্মক শক্তি প্রয়োগ করে এ ধরনের হামলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে একই দিনে সংযুক্ত আরব আমিরাতের উম্ম আল-কুওয়াইন শহরে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে একজন ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএম।
এর আগে আমিরাতের ফুজাইরাহ অঞ্চলে একটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির সামরিক বাহিনী। এ সময় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে অন্তত একজন প্রবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
অন্যদিকে বাহরাইনের সামরিক বাহিনী জানিয়েছে, চলমান সংঘাতের মধ্যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে নিক্ষেপ করা ১৮৬টি ক্ষেপণাস্ত্র এবং ৪১৯টি ড্রোন ভূপাতিত করেছে।
চলমান এই উত্তেজনাকে ঘিরে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সম্পাদক: মোঃ হাসান, ব্যবস্থাপনা সম্পাদক: ফারহান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129, 01902279843
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত