
আন্তর্জাতিক ডেস্ক :হরমুজ প্রণালির নিরাপত্তার দায়িত্বে থাকা ইরানের শীর্ষ নৌ-কমান্ডার আলীরেজা তাঙসিরির মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।সোমবার এক বিবৃতিতে আইআরজিসি জানায়, সাম্প্রতিক এক হামলায় গুরুতর আহত হওয়ার পর তাঙসিরি মৃত্যুবরণ করেছেন। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ ওই বিবৃতিটি প্রকাশ করেছে।বিবৃতিতে বলা হয়, তাঙসিরি ইরানের নৌবাহিনীকে শক্তিশালী ও সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার নেতৃত্বে উপকূলীয় অঞ্চল ও দ্বীপগুলোর নিরাপত্তা জোরদার করা হয় এবং একটি কার্যকর প্রতিরক্ষা কাঠামো গড়ে তোলা সম্ভব হয়।এর আগে গত ২৬ মার্চ ইসরায়েল দাবি করেছিল, ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় শহর বন্দর আব্বাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় তাঙসিরি নিহত হয়েছেন। তবে সে সময় বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি তেহরান।আলীরেজা তাঙসিরি ইরানের প্রভাবশালী সামরিক কর্মকর্তাদের একজন ছিলেন। অতীতে একাধিকবার তাকে হত্যার চেষ্টা করা হলেও তিনি সেসব হামলা থেকে প্রাণে বেঁচে যান। ২০১৮ সালে তিনি নৌবাহিনীর উচ্চপদস্থ কমান্ডার হিসেবে দায়িত্ব পান এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিরাপত্তা তার ওপর ন্যস্ত ছিল।উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর হরমুজ প্রণালিতে অবরোধ জারি করে আইআরজিসি। ওই সময় আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে চলাচলকারী কয়েকটি বিদেশি তেলবাহী জাহাজে হামলার ঘটনাও ঘটে, যা তাঙসিরির নির্দেশনায় পরিচালিত হয়েছিল বলে বিভিন্ন সূত্রে জানা যায়।বিশ্লেষকদের মতে, তাঙসিরির মৃত্যু মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন অনিশ্চয়তার আশঙ্কা তৈরি হয়েছে।
সম্পাদক: মোঃ হাসান, ব্যবস্থাপনা সম্পাদক: ফারহান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129, 01902279843
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত