নিজস্ব প্রতিবেদক :গণভোটের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার এক ঘণ্টার মধ্যেই লালমনিরহাটের আদিতমারী সরকারি কলেজ ছাত্রদলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ওই নেতা হলেন আদিতমারী উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান।সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আমরুল হাসান মোল্লার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাকিবুল হাসানকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি দলের অন্যান্য নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।দলীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে ‘MD Rakibull Hasan’ নামের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ‘টালবাহানা না করে গণভোটের রায় বাস্তবায়ন করেন’ শিরোনামে একটি স্ট্যাটাস দেন রাকিবুল হাসান। পোস্টটি দেওয়ার অল্প সময়ের মধ্যেই জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদিকুল ইসলাম পাভেল ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর খানের অনুমোদনে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিবুল হাসান দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। দলীয় নেতাকর্মীদের দাবি, ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনে জেলা শহর ও আদিতমারী এলাকায় সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন তিনি। এছাড়া ২০২২ সালে বিএনপির আন্দোলন চলাকালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের হামলার শিকারও হয়েছিলেন বলে জানা যায়।বহিষ্কারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রাকিবুল হাসান বলেন, তিনি দশম শ্রেণি থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে একাধিকবার হামলার শিকার হয়েছেন। তার দাবি, দেশের মানুষের স্বার্থে গণভোটের আহ্বান জানিয়ে একটি ফেসবুক পোস্ট দেওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে, যা তিনি প্রত্যাশা করেননি।
মন্তব্য করুন