
নিজস্ব প্রতিবেদক:নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির এক চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা উদঘাটন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে জবাই করা ৯টি ঘোড়া ও আরও ১১টি জীবিত ঘোড়া উদ্ধার করা হয়েছে।শুক্রবার (২৭ মার্চ) ভোরে পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের হারার বাড়ি এলাকার একটি নির্জন প্লটে অভিযান চালিয়ে এসব ঘোড়া উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে রাতের অন্ধকারে নির্জন স্থানে ঘোড়া জবাই করে সেই মাংস কম দামে গরুর মাংস বলে বাজারজাত করত। পরে তা উপজেলার বিভিন্ন মাংসের দোকান ও পূর্বাচল এলাকার কয়েকটি রেস্তোরাঁয় সরবরাহ করা হতো। অজ্ঞাতসারে সাধারণ মানুষ গরুর মাংস ভেবে সেই ঘোড়ার মাংস কিনে খাচ্ছিলেন।পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ হারুন অর রশিদ জানান, শুক্রবার ভোরে অসাধু ব্যবসায়ীরা একটি নির্জন প্লটে প্রায় ২০টি ঘোড়া নিয়ে আসে জবাই করার উদ্দেশ্যে। এর মধ্যে ৯টি ঘোড়া ইতোমধ্যে জবাই করা হয়েছিল। স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে ঘটনাটি সামনে আসে।খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘোড়াগুলো ফেলে রেখে পালিয়ে যায়।পুলিশ ঘটনাস্থল থেকে জবাই করা ৯টি ঘোড়ার দেহ এবং জবাইয়ের অপেক্ষায় থাকা আরও ১১টি জীবিত ঘোড়া উদ্ধার করে।পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদ আরও জানান, এ ঘটনায় জড়িতদের ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
সম্পাদক: মোঃ হাসান, ব্যবস্থাপনা সম্পাদক: ফারহান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129, 01902279843
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত