অনলাইন ডেক্স
সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির শীর্ষ নেতা ও প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস-এর শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।সোমবার (২৩ মার্চ) এ তথ্য নিশ্চিত করেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং মির্জা আব্বাসের একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল।সমাজকল্যাণ মন্ত্রী বলেন, তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, রোগীর বিভিন্ন শারীরিক সূচকে ইতিবাচক লক্ষণ দেখা যাচ্ছে। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, উনার অবস্থা আগের চেয়ে ভালো। তবে বিষয়টি যেহেতু মস্তিষ্কসংক্রান্ত, তাই পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগবে। আমরা সবাই যেন উনার জন্য দোয়া করি।”গত ১৫ মার্চ গুরুতর অসুস্থ হয়ে পড়লে ঢাকা থেকে বিমান অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরের একটি বড় সরকারি হাসপাতালে নেওয়া হয়।সিঙ্গাপুরে অবস্থানরত তার একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল জানান, সোমবার সকাল প্রায় ১০টার দিকে চিকিৎসকরা তাকে হাসপাতালের বেড থেকে উঠিয়ে চেয়ারে বসিয়েছেন, যা চিকিৎসকদের মতে ইতিবাচক অগ্রগতির লক্ষণ। তিনি আরও বলেন, “উনি ধীরে ধীরে কথা বলতেও পারছেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।”বর্তমানে হাসপাতালে মির্জা আব্বাসের পাশে সার্বক্ষণিক অবস্থান করছেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস এবং ছেলে ইয়াসীর আব্বাস। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।
মন্তব্য করুন