দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, দেশের বিভিন্ন ডিপোতে পর্যাপ্ত তেল মজুত রয়েছে এবং সরবরাহও স্বাভাবিক রয়েছে। তাই পেট্রলপাম্পে অযথা ভিড় করা বা দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, সরকার তেলের দাম বাড়ায়নি এবং সরবরাহও কমানো হয়নি। কিছু মানুষ আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত তেল কিনে মজুত করার চেষ্টা করছেন, যার ফলে অনেক পাম্পে অযথা ভিড় ও দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।
তিনি আরও জানান, গত বছরের তুলনায় চলতি বছর দেশে প্রায় ২৫ শতাংশ বেশি জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। তবে ঈদের ছুটির সময় কয়েকদিন ডিপো বন্ধ থাকায় সাময়িকভাবে সরবরাহে কিছুটা প্রভাব পড়েছিল। বর্তমানে ডিপোগুলো পুনরায় চালু হয়েছে এবং পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে।
মন্ত্রী সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, প্রয়োজনের অতিরিক্ত তেল কিনে বাজারে অস্থিরতা তৈরি না করে স্বাভাবিকভাবে জ্বালানি সংগ্রহ করতে হবে। দেশে জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের সংকট তৈরি হবে না বলেও তিনি আশ্বস্ত করেন।
মন্তব্য করুন