ডেক্স: ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার ভারতে গ্রেপ্তার হওয়া আসামিদের দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) যৌথভাবে যোগাযোগ করছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।রোববার (২২ মার্চ) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।ডিবিপ্রধান বলেন, “ওসমান হাদি হত্যা মামলার তদন্ত বর্তমানে সিআইডি করছে। ভারতে গ্রেপ্তার হওয়া আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সিআইডি ও পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় যোগাযোগ অব্যাহত রেখেছে।”গত ৮ মার্চ এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে বাংলাদেশ সীমান্তসংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। চার দিনের রিমান্ড শেষে রোববার তাদের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে হাজির করা হয়।তবে আদালতে তোলার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফয়সাল দাবি করেন, তিনি এই হত্যাকাণ্ডে জড়িত নন এবং এ ধরনের কোনো কাজে তার সম্পৃক্ততা নেই।উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। পরে তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মন্তব্য করুন