
নিজস্ব প্রতিবেদক: ঢাকা শহরে নতুন এক ধরনের প্রতারণার কৌশল চালু করেছে সংঘবদ্ধ একটি চক্র। রাত বারোটার পরই শুরু হয় তাদের তৎপরতা। প্রতারকরা বিভিন্ন বিকাশ এজেন্টের লেনদেনের তথ্য সংগ্রহ করে নির্দিষ্ট গ্রাহককে টার্গেট করছেন। পরে সেই তথ্যের ভিত্তিতে তাদের কাছে ফোন করে ভয়-ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ ও গোপন তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।
সম্প্রতি এমন প্রতারণার ফাঁদে পড়েছেন রাজধানীর এক বাসিন্দা। ভুক্তভোগী জানান, রাত বারোটার কিছু পর তার মোবাইল ফোনে দুটি নম্বর থেকে কল আসে। একটি নম্বর (০১৮৯২৫১১২০১) থেকে ফোন করে এক ব্যক্তি নিজেকে বিকাশের দোকানদার বলে পরিচয় দেন। পরবর্তীতে আরেকটি নম্বর (৮৮০৯৬৩৮১১৫৪৫৮) থেকে কল দিয়ে আরেকজন ব্যক্তি নিজেকে পুলিশ হেডকোয়ার্টারের এসআই তরিকুল ইসলাম পরিচয় দিয়ে বলেন, “আপনার নামে অবৈধ লেনদেন ও একটি হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। আপনি এখনই এই বিষয়ে কথা না বললে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ভুক্তভোগী বিষয়টি অস্বীকার করলে প্রতারক চক্র তার সাথে অশালীন ভাষায় কথা বলেন এবং নানা ধরনের হুমকি দিতে থাকেন। আতঙ্কিত হয়ে তিনি তৎক্ষণাৎ তার চাচা সাংবাদিক মুরাদ হোসেনকে বিষয়টি বিস্তারিত জানান।
পরবর্তীতে সাংবাদিক মুরাদ হোসেন ঢাকা চকবাজার থানায় যোগাযোগ করে পুরো ঘটনার সত্যতা যাচাই করেন। চকবাজার থানার ডিউটি অফিসার এএসআই মোঃ রিপন ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “এটি এক ধরনের নতুন প্রতারণার কৌশল। আমাদের থানায় এরই মধ্যে অনেকেই এই ধরনের ভয়ভীতি প্রদর্শনের ফোনকল নিয়ে অভিযোগ করেছেন। আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি।”
পুলিশ সূত্রে আরও জানা গেছে, এই চক্রটি সাধারণত মধ্যরাতের পর মানুষকে টার্গেট করে। ফোনকলের সময় ভুক্তভোগীর ব্যক্তিগত তথ্য ব্যবহার করে তারা বিশ্বাসযোগ্যতা তৈরি করে এবং ভয় দেখিয়ে অর্থ বা সংবেদনশীল তথ্য আদায়ের চেষ্টা করে।
পুলিশ নাগরিকদের সচেতন থাকার পরামর্শ দিয়েছে। অজানা নাম্বার থেকে এমন ফোনকল পেলে আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্ট থানা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দ্রুত যোগাযোগ করতে বলা হয়েছে।
মন্তব্য করুন