
অনলাইন ডেস্ক: সাভারে সরকারি জমি উদ্ধারের নোটিশ দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন ভূমি অফিসের কর্মকর্তারা। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীর আলম নামের এক কর্মকর্তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) দুপুরে সাভারের ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসি কলাতিয়াপাড়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
আহত জাহাঙ্গীর আলম সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বিনুটিয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
তিনি সাভার উপজেলা ভূমি অফিসের আওতাধীন রাজফুলবাড়িয়া তহশিলের ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
আহত কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি মহল সরকারি খাস জমি ভোগ দখল করে আসছিল। সেই জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ দিতে ভূমি অফিসের সাতজন কর্মকর্তা-কর্মচারী ওই জমিতে যাওয়া মাত্রই ‘মব’ তৈরি করে অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে অন্যরা দৌড়ে নিরাপদ দূরত্বে গেলেও ভূমি সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে ধরে ইট দিয়ে মাথা থেঁতলে দেওয়া হয়।
পরে অজ্ঞান অবস্থায় স্থানীয়রা জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে সাভারে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। এ ছাড়া আকাশ নামের একজনকে গণপিটুনি দেওয়া হয়।
এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মিরাজুর রেহান পাভেল জানান, আহত ভূমি কর্মকর্তার অবস্থা গুরুতর। সারা দেহে জখম অবস্থায় তাকে নিউরো আইসিইউতে ভর্তি করা হয়েছে।
জরুরি ভিত্তিতে তাকে সিটি স্ক্যান করানো হচ্ছে।
‘মব’ তৈরি করে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার বিষয়ে স্থানীয় কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। তবে হামলার ঘটনায় জড়িতের কাউকে এখনো আটক করা হয়নি।
বিষয়টি নিশ্চিত করে সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলাম বলেন, এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন