

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করতে সত্যিই আগ্রহী হন, তাহলে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি ‘অশালীন ও অগ্রহণযোগ্য’ ভাষা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। খবর: রয়টার্স।
শনিবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে আরাঘচি লিখেছেন, ট্রাম্পের এমন মন্তব্য শুধু খামেনিকেই নয়, তার কোটি ভক্ত ও অনুসারীকেও আহত করছে। আর এটি কোনোভাবেই সহনীয় নয়।
আরাঘচি সতর্ক করে বলেন, ‘যদি সত্যিই চুক্তির সদিচ্ছা থাকে, তবে সম্মান প্রদর্শন আবশ্যক।’
সম্প্রতি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পারমাণবিক ইস্যুতে টানাপোড়েন বেড়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, এই বার্তা ট্রাম্প প্রশাসনের ওপর কূটনৈতিক চাপ প্রয়োগেরই ইঙ্গিত দিচ্ছে।
ইরান এর আগেও জানিয়েছে, আলোচনার জন্য তারা প্রস্তুত, তবে যুক্তরাষ্ট্রকে আগে কিছু ‘মূলনীতি’ মেনে চলতে হবে।
এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) সম্প্রতি জানিয়েছে, ইরান প্রায় ১২টি পারমাণবিক বোমা তৈরির উপযোগী পরিমাণে ইউরেনিয়াম মজুদ করেছে। পাশাপাশি দেশটির পার্লামেন্ট আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিতের প্রস্তাবও অনুমোদন করেছে। সবমিলিয়ে এসব ঘটনায় দ্বিপাক্ষিক উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে।
সূত্র: কালবেলা
সম্পাদক: মোঃ হাসান, ব্যবস্থাপনা সম্পাদক: ফারহান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129, 01902279843
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত