

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি মার্কিন ধনকুবের ইলন মাস্ক ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্পর্কের টানাপোড়েন নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ পেয়েছে। এবার বিষয়টি সরাসরি স্বীকার করলেন ট্রাম্প নিজেই। তিনি জানান, মাস্কের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক এখন আর নেই।
রোববার (৮ জুন) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, শনিবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমার ধারণা, হ্যাঁ—ইলন মাস্কের সঙ্গে আমার সম্পর্ক শেষ হয়েছে।” সাক্ষাৎকারে যখন জানতে চাওয়া হয়, তিনি কি সম্পর্ক মেরামতের ইচ্ছা রাখেন, তখন ট্রাম্প স্পষ্টভাবে বলেন, “না।”
সম্প্রতি সামাজিক মাধ্যমে ট্রাম্প ও মাস্কের মধ্যে প্রকাশ্য বিবাদের পর এই মন্তব্য সামনে এল। মাস্ক ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’ নামে পরিচিত কর ও ব্যয়ের প্রস্তাবিত আইনের তীব্র সমালোচনা করেন। ওই বিলটিকে তিনি যুক্তরাষ্ট্রের জন্য অর্থনৈতিক হুমকি হিসেবে অভিহিত করেন। মাস্কের দাবি, এই বিল বাস্তবায়িত হলে মার্কিন বাজেট ঘাটতি কয়েক ট্রিলিয়ন ডলার বেড়ে যাবে এবং সরকারি ব্যয় হ্রাসের লক্ষ্যে তার নেতৃত্বে গঠিত সংস্থা ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডোজ)-এর কার্যক্রম বাধাগ্রস্ত হবে।
মাস্ক এই সংস্থার প্রধান হিসেবে ১২৯ দিন দায়িত্ব পালনের পর পদত্যাগ করেন এবং এরপর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ওই বিলকে “জঘন্য কলঙ্ক” বলে উল্লেখ করেন। যদিও তিনি ট্রাম্পের নাম সরাসরি উল্লেখ করেননি।
অন্যদিকে, ট্রাম্প গণমাধ্যমে বলেন, তিনি মাস্কের আচরণে ‘হতাশ’। এর পাল্টা প্রতিক্রিয়ায় মাস্ক এক্সে একাধিক পোস্টে দাবি করেন, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তার সমর্থন না পেলে ট্রাম্প হেরে যেতেন। মাস্ক আরও অভিযোগ করেন, ট্রাম্প প্রয়াত বিতর্কিত ধনকুবের জেফরি এপস্টাইনের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন—যদিও পরে তিনি সেই পোস্ট মুছে ফেলেন এবং এপস্টাইনের আইনজীবীরাও এ অভিযোগ অস্বীকার করেন।
শেষ পর্যন্ত ট্রাম্প তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে মাস্ককে ‘পাগল’ বলে উল্লেখ করেন এবং সতর্ক করেন যে, মাস্কের প্রতিষ্ঠানগুলোকে দেওয়া ফেডারেল চুক্তিগুলো বাতিল করা হতে পারে।
সম্পাদক: মোঃ হাসান, ব্যবস্থাপনা সম্পাদক: ফারহান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129, 01902279843
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত