
সংবাদ প্রতিবেদন: কুমিল্লার চৌদ্দগ্রামে ঈদুল আযহার দিনে কোরবানির মাংস নিয়ে বোনের বাড়িতে যাওয়ার পথে বাসচাপায় নিহত হয়েছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালক শাহাজাহান মিয়া (৬০)। দুর্ঘটনায় তার সঙ্গে থাকা ছেলে শুভ (৯) ও ভাতিজা কায়সার (৭) গুরুতর আহত হয়েছে।
শনিবার (৭ জুন) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোলপাশা ইউনিয়নের বাবুর্চি চৌরাস্তা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাজাহান মিয়া চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের কে কে নগর (গিত্তাশাল) গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে।
মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাব উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের চাচাতো ভাই আবদুল মতিন জানান, কয়েক মাস আগে প্রবাস থেকে দেশে ফেরেন শাহাজাহান মিয়া। মাত্র তিন দিন আগে একটি ব্যাটারিচালিত অটোরিকশা কেনেন তিনি। ঈদের দিন বিকেলে কোরবানির মাংস নিয়ে ছেলে ও ভাতিজাকে সঙ্গে নিয়ে পার্শ্ববর্তী বাবুর্চি গ্রামের বোন হালিমা বেগমের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে বাবুর্চি চৌরাস্তা এলাকায় চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাস তাদের অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই শাহাজাহান মিয়া নিহত হন। এসময় তার ছেলে ও ভাতিজা গুরুতর আহত হয়।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোলেমান বাদশা জানান, দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা যান। আহত দুই শিশুকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক অপূর্ব জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠায়। নিহতের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন