
অনলাইন ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে আবারও নতুন করে অস্থিরতা শুরু হয়েছে। শনিবার (৭ জুন) বিকেল থেকে রাজ্যের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ ছড়িয়ে পড়লে প্রশাসন কারফিউ জারি করে এবং সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়।
রাজ্যের রাজধানী ইম্ফলসহ আশেপাশের এলাকাগুলোতে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। উত্তেজনার সূত্রপাত হয় আরামবাই টেংগোল-সহ মেইতেই গোষ্ঠীর পাঁচজন সদস্যের গ্রেফতারের খবর সামনে আসার পর। তাদের মুক্তির দাবিতে পশ্চিম ইম্ফলের কোয়াকেইথেল পুলিশ পোস্টে বিক্ষোভ দেখা দেয়।
এ সময় জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কড়া অবস্থান নেয়। এতে দুই সাংবাদিকসহ অন্তত তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। কিছু বিক্ষোভকারী আত্মহতির হুমকিও দেন বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়।
সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে মণিপুর প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। বিষ্ণুপুর জেলায় কারফিউ জারি করা হয়েছে, পাশাপাশি ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, থৌবল ও কাকচিংসহ বিভিন্ন জেলায় পাঁচ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
মণিপুরের স্বরাষ্ট্রসচিব ও কমিশনারের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক তথ্য ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার আশঙ্কা রয়েছে। এই কারণেই পরবর্তী পাঁচ দিনের জন্য রাজ্যে মোবাইল ইন্টারনেট ও ডেটা পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে সকলকে দায়িত্বশীল আচরণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে।
মন্তব্য করুন