
অনলাইন ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদারে পুলিশের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (৩ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, “ঈদের আগাম ১০ দিনের প্রস্তুতি মাথায় রেখে রাজধানীর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে।”
চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া বন্ধে কঠোর মনোভাবের কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ঈদযাত্রায় চাঁদাবাজি বরদাশত করা হবে না। যেই করুক না কেন, দলীয় পরিচয় বিবেচনায় না নিয়েই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ফিটনেসবিহীন যান চলাচল এবং নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায়ের বিরুদ্ধেও কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”
তিনি আরও জানান, “গত ঈদের মতো এবারও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। যাত্রীদের যাতায়াত স্বস্তিদায়ক করতে পরিবহন মালিক ও চালকদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে—কোনোভাবেই নির্ধারিত ভাড়ার বেশি নেওয়া যাবে না।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন, সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে এবারের ঈদযাত্রা নিরাপদ ও সুশৃঙ্খল হবে।
মন্তব্য করুন