
অনলাইন ডেস্ক: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, “আজ দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, ড. ইউনূস জাপানে বসে বিএনপির বিরুদ্ধে বদনাম করছেন। লজ্জাও লাগছে, একজন নোবেল বিজয়ী কীভাবে বিদেশে বসে দেশের বিরুদ্ধে কথা বলেন! তিনি বলেছেন, একটি দল শুধু নির্বাচন চায়। আর আমরা বলছি—একজন মাত্র লোক নির্বাচন চান না, আর তিনি হলেন ড. ইউনূস।”
গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দলটির কেন্দ্রীয় নেতারা সেখানে শ্রদ্ধা নিবেদন করেন।
সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাস আরও বলেন, “বর্তমান সরকার সংস্কারের কথা বলতে বলতে এখন বিদেশিদের পরামর্শে চলছে। জিয়াউর রহমান বহু সংস্কার করেছেন, কিন্তু কোনো বিদেশি পরামর্শক আমদানি করেননি। আজকে বিদেশিদের কথায় সরকার নির্বাচন পর্যন্ত পিছিয়ে দিতে চাইছে।”
তিনি অভিযোগ করে বলেন, “ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে প্রথম কথা বলেছিলেন ড. ইউনূস নিজেই। পরবর্তীতে তিনি সময় বদলে জুনের কথা বলেন। সুতরাং নির্বাচন যদি না হয়, তার দায়-দায়িত্ব তিনিই এড়াতে পারবেন না।”
মির্জা আব্বাস হুঁশিয়ারি দিয়ে বলেন, “ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। না হলে জনগণ নিজেরাই তাদের ভোটের অধিকার আদায় করে নেবে। আর যদি নির্বাচন না হয়, তাহলে এ দেশের ভৌগোলিক অবস্থানও অটুট থাকবে না।”
মন্তব্য করুন