

নিজস্ব প্রতিবেদক: কারাগারে থাকা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে আরো চারটি মামলায় গ্রেপ্তার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৬ মে) চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে চারটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা আবেদন করেন।
চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চারটি মামলায় চিন্ময়কে গ্রেপ্তার দেখানোর জন্য রবিবার আদালতে আবেদন করে পুলিশ। আজকে শুনানি শেষে আদালত চারটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন। এর মধ্যে তিনটি মামলার বাদী পুলিশ ও একটি মামলার বাদী আলিফের ভাই। শুনানির সময় চিন্ময়কে কারাগার থেকে সংযুক্ত করা হয়।
এর আগে সোমবার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চিন্ময়কে গ্রেপ্তার দেখানো হয়েছে।
জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণকে গত বছরের ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর ২৬ নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে তোলা হয়। সেখানে চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে তার অনুসারীরা আদালত এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়।
একপর্যায়ে আদালতের বাইরে চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে।
এ হত্যার ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত অভিযোগে ২১ জনকে বিভিন্ন সময় গ্রেপ্তার করেছে পুলিশ। আদালত এলাকায় সংঘর্ষের ঘটনায় আরো চারটি মামলা হয়।
সম্পাদক: মোঃ হাসান, ব্যবস্থাপনা সম্পাদক: ফারহান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129, 01902279843
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত