
চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে কর্মকর্তাদের বিদায় ও বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উক্ত ইউনিয়ন পরিষদের প্রশাসন বিভাগ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ মোঃ আবুল হোসেনকে বিদায় এবং ফয়সাল আবেদিনকে সংবর্ধনা ও উপহার সামগ্রী প্রদানের মাধ্যমে বরণ করেন।
এসময় বিদায়ী কর্মকর্তার কাজে আকৃষ্ট হয়ে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ, প্রশাসনিক কর্মকর্তা এমএ কুদ্দুস আখন্দ রোকন, ইউপি সদস্য কবির হোসেন রনি, গ্রাম পুলিশ ছালমা ও উদ্যোক্তা সুমির পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়।
উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে বক্তারা বলেন, মোঃ আবুল হোসেন একজন সৎ ও নিষ্ঠাবান অফিসার। এই ইউনিয়ন পরিষদে গত ৮ বছর দায়িত্ব পালনকালে তার দ্বারা সেবাগ্রহিতারা কোনো প্রকার হয়রানির শিকার হন নি। তিনি তার সাধ্যের সর্বোচ্চ সেবাটা এখানে দিয়েছেন। তিনি তার সেবা প্রদানে কখনো বিরোক্ত বোধ করেন নি। আমরা তার উপর সন্তুষ্ট। তার সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করছি।
এছাড়া বক্তারা নব যোগদানকৃত কর্মকর্তা ফয়সাল আবেদিনকে সঠিক জনসেবা প্রদানের মাধ্যমে তার দায়িত্ব পালন করতে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এসময় উক্ত কর্মকর্তা সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ। বক্তব্য রাখেন উক্ত ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এমএ কুদ্দুস আখন্দ রোকন, সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী, উক্ত ইউনিয়ন পরিষদের সদস্য কবির হোসেন রনি, মনিরুজ্জামান পাটওয়ারী, সোহেল পাটওয়ারী সোহাগ, ইব্রাহিম তালুকদার, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফিরোজা বেগম, মুক্তা বেগম, গ্রামপুলিশ দফাদার নুরুল ইসলাম, ইউডিসিসি উদ্যোক্তা ইলিয়াস মিঠু প্রমুখ। পরে বিদায়ী ও নবাগত কর্মকর্তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
এদিকে নব যোগদানকৃত হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ফয়সাল আবেদিন এর আগে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়ন পরিষদে উক্ত পদে কর্মরত ছিলেন। তিনি দায়িত্ব পালনকালে ইউনিয়ন পরিষদের প্রশাসন বিভাগ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার জনসাধারণের দোয়া ও সহযোগিতা কামনা করেন। এছাড়া বিদায়ী হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ আবুল হোসেন ফরিদগঞ্জ উপজেলার উত্তর গোবিন্দপুর ইউনিয়ন পরিষদে উক্ত পদে যোগদান করেন।
মন্তব্য করুন